📰 ম্যালেরিয়ায় আক্রান্ত হয়ে বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যু
রাজধানীতে চিকিৎসাধীন অবস্থায় বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মাহবুবুর রহমান মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৮ বছর।
জানা গেছে, রক্তের প্লাটিলেট কমে যাওয়ায় গত সোমবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তীতে পরীক্ষায় তার শরীরে ম্যালেরিয়া শনাক্ত হয়। চিকিৎসাধীন অবস্থায় ধীরে ধীরে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে এবং শেষ পর্যন্ত তিনি মারা যান।
মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন কর্মকর্তা ছিলেন। দীর্ঘ কর্মজীবনে তিনি সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। সর্বশেষ চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
ব্যক্তিগত জীবনে তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন।
বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। এক শোকবার্তায় তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।











