বগুড়া সফরে যাচ্ছেন তারেক রহমান, দিনব্যাপী কর্মসূচি ঘোষণা
বগুড়ার উদ্দেশে রওনা হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে তিনি বগুড়ার উদ্দেশে যাত্রা শুরু করেন। সফরসঙ্গী হিসেবে তাঁর স্ত্রী জুবাইদা রহমানও রয়েছেন।
দলীয় সূত্রে জানা গেছে, দায়িত্ব গ্রহণের পর নিজ জেলা বগুড়ায় এটি তারেক রহমানের প্রথম সফর। বিএনপির মিডিয়া সেলের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
প্রকাশিত সফরসূচি অনুযায়ী, সকাল সাড়ে ১০টায় তিনি বগুড়া সার্কিট হাউসে পৌঁছাবেন। এরপর বেলা ১১টায় জেলা জজ আদালত প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির নবনির্মিত ভবনের উদ্বোধন করবেন। একই সঙ্গে জেলা ও দায়রা জজের কনফারেন্স কক্ষে সারা দেশে একযোগে ই-বেইলবন্ড (অনলাইনে জামিননামা দাখিল) কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।
এরপর বেলা সাড়ে ১১টায় তিনি বগুড়া পৌরভবনে গিয়ে ‘বগুড়া সিটি করপোরেশন’-এর উদ্বোধনী ফলক উন্মোচন করবেন।
দুপুরে তিনি গাবতলী উপজেলার বাগবাড়ী গ্রামে নিজ পৈতৃক এলাকায় যাবেন। সেখানে জিয়াউর রহমান গ্রাম হাসপাতাল পরিদর্শন এবং হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করবেন। একই স্থানে শহীদ জিয়া ডিগ্রি কলেজ মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমেরও উদ্বোধন করার কথা রয়েছে।
এছাড়া বাগবাড়ী গ্রামের পাশ দিয়ে প্রবাহিত চৌকিরদহ খাল খননকাজের উদ্বোধন করবেন তিনি। পরে পৈতৃক ভিটা জিয়াবাড়ি পরিদর্শন শেষে আবার বগুড়া শহরের উদ্দেশে রওনা হবেন।
বিকাল চারটায় বগুড়া শহরের ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেবেন তারেক রহমান।
সন্ধ্যায় তিনি নবনির্মিত বগুড়া প্রেসক্লাব ভবনের উদ্বোধন করবেন এবং বাইতুর রহমান সেন্ট্রাল মসজিদের পুনর্নির্মাণ কাজেরও উদ্বোধন করবেন। দিনব্যাপী কর্মসূচি শেষে সন্ধ্যা ছয়টায় সড়কপথে ঢাকার উদ্দেশে রওনা দেওয়ার কথা রয়েছে তাঁর। ফেরার পথে বগুড়ার পল্লী উন্নয়ন একাডেমিতে (আরডিএ) সংক্ষিপ্ত যাত্রাবিরতির পরিকল্পনাও রয়েছে।

















