হরমুজ প্রণালি পুরোপুরি বন্ধের ঘোষণা ইরানের, নিষেধাজ্ঞা ভাঙলে হামলার হুঁশিয়ারি
হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে ইরান। দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরানের বন্দর ও জাহাজের ওপর আরোপিত অবরোধ প্রত্যাহার না করা পর্যন্ত এই গুরুত্বপূর্ণ সমুদ্রপথ বন্ধই থাকবে।
ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, আগে নির্দিষ্ট করিডোর দিয়ে এবং ইরানি কর্তৃপক্ষের অনুমতি ও ফি প্রদানের মাধ্যমে জাহাজ চলাচলের যে সুযোগ ছিল, তা এখন থেকে বাতিল করা হয়েছে। ফলে হরমুজ প্রণালিতে কোনো ধরনের বাণিজ্যিক বা আন্তর্জাতিক জাহাজ চলাচল আর অনুমোদিত হবে না।
আইআরজিসির নৌবাহিনী শাখা কঠোর সতর্কবার্তা দিয়ে জানিয়েছে, ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে কোনো জাহাজ প্রবেশের চেষ্টা করলে তা সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হবে এবং প্রয়োজনীয় সামরিক ব্যবস্থা নেওয়া হবে।
তেহরানের দাবি, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত অবরোধ বিদ্যমান সমঝোতা ও যুদ্ধবিরতি চুক্তির লঙ্ঘন। তাই নিজেদের সার্বভৌম অধিকার রক্ষায় এ ধরনের কঠোর পদক্ষেপ নিতে বাধ্য হয়েছে দেশটি।
বিশ্লেষকদের মতে, হরমুজ প্রণালি বিশ্ব জ্বালানি সরবরাহের অন্যতম গুরুত্বপূর্ণ রুট হওয়ায় এ সিদ্ধান্ত আন্তর্জাতিক বাণিজ্য ও তেলের বাজারে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। পরিস্থিতি আরও উত্তেজনাপূর্ণ হয়ে উঠলে বৈশ্বিক অর্থনীতিতেও এর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
















