স্টাফ রিপোর্টার:
জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, জনগণের রায় নিয়ে প্রতারণা করেছে বিএনপি। তিনি বলেন, দেশের বৃহত্তর স্বার্থ ও সুস্থ রাজনীতির ধারাবাহিকতা বজায় রাখার জন্যই তারা নির্বাচনের ফল মেনে নিয়েছেন।
শুক্রবার (১৭ এপ্রিল) সকালে রাজধানীর মগবাজারে আল-ফালাহ মিলনায়তনে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জেলা আমির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ডা. শফিকুর রহমান বলেন, ত্রয়োদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটেনি। বরং পরিকল্পিতভাবে সেই আকাঙ্ক্ষাকে দমন করা হয়েছে। দেশের অর্থনৈতিক সম্পদ রক্ষায় জনগণকে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি দাবি করেন, জাতীয় নির্বাচনে ব্যাপক ‘ইঞ্জিনিয়ারিংয়ের’ মাধ্যমে জনগণের প্রত্যাশা ভূলুণ্ঠিত করা হয়েছে। সাবেক একজন উপদেষ্টা এবং বর্তমান সরকারের এক মন্ত্রীর বক্তব্যেই নির্বাচনে অনিয়মের বিষয়টি স্পষ্ট হয়েছে বলে উল্লেখ করেন তিনি।
জামায়াত আমির আরও বলেন, সংবিধানকে ইচ্ছামতো সংশোধনের মাধ্যমে ফ্যাসিবাদী কায়দায় দেশ পরিচালনার চেষ্টা করছে সরকার। সংসদে বিরোধী দলের কণ্ঠ রোধ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। এ পরিস্থিতিতে জনস্বার্থ রক্ষায় ১১-দলীয় জোট রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে বলে জানান।
তিনি সতর্ক করে বলেন, অতীতের ফ্যাসিবাদের চেয়েও নব্য ফ্যাসিবাদ ভয়ংকর রূপ নিতে পারে। গণভোটের রায় প্রত্যাখ্যানের মধ্য দিয়ে নতুন এক অগণতান্ত্রিক ধারার সূচনা হয়েছে বলে মন্তব্য করেন তিনি। গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণের মাধ্যমে দুর্বল করে দেওয়া হচ্ছে বলেও অভিযোগ তোলেন।
গণমাধ্যমের উদ্দেশে ডা. শফিকুর রহমান বলেন, সত্যকে বিকৃত না করে যথাযথভাবে উপস্থাপন করা উচিত। বক্তব্যের আংশিক নয়, সম্পূর্ণ প্রকাশের আহ্বান জানান তিনি।
সম্মেলনে তিনি জানান, সংসদ ও রাজপথ—উভয় জায়গায় জনগণের দাবি-দাওয়া নিয়ে জামায়াতে ইসলামী সক্রিয় থাকবে এবং দেশের স্বার্থ রক্ষায় আন্দোলন অব্যাহত রাখবে।











