সংরক্ষিত নারী আসনে প্রার্থী চূড়ান্তে সাক্ষাৎকার শুরু বিএনপির
জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের প্রার্থী চূড়ান্ত করতে আগ্রহীদের সাক্ষাৎকার গ্রহণ শুরু করেছে বিএনপি। শুক্রবার বিকেল পৌনে চারটা থেকে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে এই সাক্ষাৎকার পর্ব শুরু হয়।
দলের মনোনয়ন বোর্ডের সভাপতি তারেক রহমান, মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যরা প্রার্থীদের সাক্ষাৎকার নিচ্ছেন। দলীয় সূত্র জানায়, প্রথম দিনে রাজশাহী, খুলনা, বরিশাল, রংপুর ও ফরিদপুর বিভাগের চার শতাধিক প্রার্থীর সাক্ষাৎকার নেওয়া হচ্ছে।
আগামীকাল শনিবার বেলা তিনটা থেকে ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা ও ময়মনসিংহ বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
গুলশান কার্যালয়ে সাক্ষাৎকারের অপেক্ষায় থাকা ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রদলের সাবেক নেত্রী আরিফা সুলতানা জানান, রংপুর বিভাগ দিয়ে সাক্ষাৎকার শুরু হয়েছে এবং ওই বিভাগের প্রার্থীদের সাক্ষাৎকার শেষ করতে প্রায় চার ঘণ্টা সময় লেগেছে। তিনি বলেন, প্রতিটি প্রার্থীকে সংক্ষিপ্ত সময় দেওয়া হচ্ছে এবং সময় সংকটের কারণে অনেক ক্ষেত্রে বিভাগভিত্তিক প্রার্থীদের একসঙ্গে ডেকে নির্দেশনা দেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, প্রার্থীদের জানানো হচ্ছে—দল যাঁকে মনোনয়ন দেবে, তাঁকে সবাইকে মেনে নিতে হবে।
এদিকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, দীর্ঘ সময়ের কঠিন আন্দোলনের মধ্য দিয়ে দল আজকের অবস্থানে এসেছে এবং গণতন্ত্রকে শক্তিশালী করতে নারীদের অবদান যথাযথভাবে মূল্যায়ন করা হবে। তিনি বলেন, অনেক নারী নেত্রী মামলা, নির্যাতন ও নানা প্রতিকূলতার মুখোমুখি হয়েছেন—এসব বিষয় মনোনয়ন প্রক্রিয়ায় বিবেচনায় রাখা হবে।
একই সঙ্গে সংসদে কার্যকরভাবে কথা বলা ও আইন প্রণয়নে প্রয়োজনীয় জ্ঞান ও শিক্ষাগত যোগ্যতাও গুরুত্ব পাবে বলে জানান তিনি।
উল্লেখ্য, ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল এবং আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল।
নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, সংরক্ষিত ৫০টি আসনের মধ্যে বিএনপি জোট পাবে ৩৬টি, জামায়াতে ইসলামী জোট ১৩টি এবং স্বতন্ত্ররা পাবে একটি আসন।














