বাংলাদেশ সফরকে সামনে রেখে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। দলটির নেতৃত্বে থাকছেন শান মাসুদ। তবে এই সিরিজে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে কোচিং স্টাফে—প্রধান কোচ হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ও উইকেটকিপার-ব্যাটসম্যান সরফরাজ আহমেদ।
কয়েক মাস ধরেই পাকিস্তান দলের টেস্ট প্রধান কোচের পদটি শূন্য ছিল। নতুন কোচ হিসেবে সরফরাজের নাম নিয়ে জোর গুঞ্জন চলছিল, শেষ পর্যন্ত সেটিই বাস্তবে রূপ নিয়েছে। তাঁর অধীনে বাংলাদেশ সফর দিয়েই শুরু হচ্ছে পাকিস্তানের নতুন অধ্যায়।
ঘোষিত দলে জায়গা পেয়েছেন চার নতুন মুখ—আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস ও মুহাম্মদ গাজী ঘোরি। তরুণ এই ক্রিকেটারদের অন্তর্ভুক্তি দলটিকে নতুন ভারসাম্য দিতে পারে বলে মনে করা হচ্ছে।
বর্তমানে স্কোয়াডের কয়েকজন ক্রিকেটার লাহোরে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে (এনসিএ) লাল বলের ক্যাম্পে অংশ নিচ্ছেন। অন্যদিকে, বেশির ভাগ খেলোয়াড়ই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ব্যস্ত সময় পার করছেন।

পিসিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সিরিজের আগে করাচিতে একটি বিশেষ প্রস্তুতি ক্যাম্প অনুষ্ঠিত হবে, যা শুরু হবে ২৭ এপ্রিল এবং চলবে ১ মে পর্যন্ত। ক্যাম্প শেষে ২ মে বাংলাদেশে রওনা দেবে দল। পিএসএলে অংশ নেওয়া ক্রিকেটাররা নিজেদের দলীয় ব্যস্ততা শেষ করে ক্যাম্পে যোগ দেবেন। আর যদি কেউ ফাইনাল পর্যন্ত খেলেন, তাহলে সরাসরি বাংলাদেশে গিয়ে দলের সঙ্গে যোগ দেবেন।
সিরিজের প্রথম টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে ৮ মে, মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ১৬ মে, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
এদিকে কোচিং স্টাফে আরও কিছু গুরুত্বপূর্ণ দায়িত্ব বণ্টন করা হয়েছে। ব্যাটিং কোচ হিসেবে থাকছেন আসাদ শফিক এবং বোলিং কোচের দায়িত্ব পালন করবেন উমর গুল।
বাংলাদেশ সফরের জন্য পাকিস্তানের ১৬ সদস্যের টেস্ট দল:
শান মাসুদ (অধিনায়ক), আবদুল্লাহ ফজল, আমাদ বাট, আজান আওয়াইস, বাবর আজম, হাসান আলী, ইমাম-উল-হক, খুররম শেহজাদ, মোহাম্মদ আব্বাস, মোহাম্মদ রিজওয়ান (উইকেটকিপার), মুহাম্মদ গাজী ঘোরি (উইকেটকিপার), নোমান আলী, সাজিদ খান, সালমান আলী, সৌদ শাকিল ও শাহিন শাহ আফ্রিদি।










